সাতক্ষীরার শ্যামনগরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিওর ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা। বুধবার দুপুর ১২টায় ‘সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে সংসদ সদস্যের বহিষ্কার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সর্বস্তরের মানুষ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি শ্যামনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষোভকারীদের হাতে সংসদ সদস্যের ছবি এবং প্রতীকী ঝাড়ু দেখা যায়। তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক নেতারা বলেন, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ডে শ্যামনগরের সম্মান ক্ষুণ্ন হয়েছে। তারা সংসদ সদস্যের পদ থেকে তাকে বহিষ্কারের জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান। অধ্যাপক আবু সাইদ ও আশেক ই এলাহি মুন্নাসহ স্থানীয় নেতারা জানান, শুরুতে ঘটনাটিকে এআই প্রযুক্তির কারসাজি বলে দাবি করা হলেও পরবর্তীতে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহি মুন্না, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুল আলম এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমাবেশস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল।
এ বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







