Home / বিশ্ব / সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

মধ্যপ্রাচ্যের ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা করেছে। সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে গোষ্ঠীটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইয়েমেনের ওপর সৌদি আরব যে অন্যায্য ও নিপীড়নমূলক অবরোধ আরোপ করে রেখেছে, তার জবাবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে তারা তাৎক্ষণিকভাবে সমুদ্রপথে এই অবরোধ কার্যকর করছে। হুথিদের এই ঘোষণার বিষয়ে সৌদি আরব কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি সামরিক উত্তেজনার মধ্যে হুথিদের এই ঘোষণা পরিস্থিতির নতুন অবনতি ঘটিয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। যদিও এই উত্তেজনার মধ্যেও উভয় পক্ষ কূটনৈতিক আলোচনায় ফেরার ইঙ্গিত দিচ্ছে, তবে হুথিদের এই নতুন পদক্ষেপ পারস্য উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, হুথিদের এই ঘোষণার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা তৈরির আশঙ্কা রয়েছে। মূলত ইরান–যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে ইরান বাব-এল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার জন্য হুথিদের ওপর চাপ প্রয়োগ করছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্রণালি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ অন্তত সাত শতাংশ কমে যেতে পারে। উপসাগরীয় যুদ্ধের প্রভাবে এরই মধ্যে বিশ্ববাজারে তেলের সরবরাহ ১০ শতাংশ হ্রাস পেয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *