Home / আন্তর্জাতিক / কঙ্গোর বুকাবুতে স্কুলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে ২৪ শিক্ষার্থীর মৃত্যু

কঙ্গোর বুকাবুতে স্কুলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে ২৪ শিক্ষার্থীর মৃত্যু

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বুকাবু শহরে একটি অগ্নিকাণ্ডের সময় দুটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পদদলিত হওয়ার ঘটনায় অন্তত ২৪ জন শিশু প্রাণ হারিয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত এই শহরের কাদুতো এলাকায় অগ্নিকাণ্ডের পর স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে। শিশুদের পাশাপাশি কয়েকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর খবরও পাওয়া গেছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, হাসপাতালে মেঝেতে যন্ত্রণায় কাতরাচ্ছে অনেক শিশু। অগ্নিকাণ্ডে অন্তত ৩০০টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিদ্রোহী নিয়ন্ত্রিত স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় হতাহতের এই প্রাথমিক তালিকা প্রকাশ করে। বুকাবু শহরটি দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী এবং গত বছরের ফেব্রুয়ারিতে এটি এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর দখলে চলে যায়।

কিনশাসার কেন্দ্রীয় সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর অবস্থা পর্যালোচনা করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত সপ্তাহে কঙ্গোর রাজধানী কিনশাসার একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের পর পদদলিত হয়ে বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বুকাবুতে এমন বিপর্যয় ঘটল। এই প্রেক্ষাপটে সরকার জনসমাগমস্থলগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *