Home / খেলাধুলা / জাপানের নাগোয়ায় রেকর্ড বৃষ্টিপাতে এশিয়ান গেমসের ক্রীড়াবিদদের সরিয়ে নেওয়া হয়েছে

জাপানের নাগোয়ায় রেকর্ড বৃষ্টিপাতে এশিয়ান গেমসের ক্রীড়াবিদদের সরিয়ে নেওয়া হয়েছে

জাপানের নাগোয়ায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে এশিয়ান গেমসে অংশ নিতে আসা শত শত ক্রীড়াবিদকে তাদের আবাসস্থল থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। নাগোয়া পোর্ট অথরিটির কর্মকর্তাদের ভাষ্যমতে, গার্ডেন পিয়ার এলাকায় অস্থায়ী কাঠের কন্টেইনারে থাকা প্রায় ৪০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের বৃষ্টির তীব্রতার কারণে উঁচু স্থানে স্থানান্তর করা হয়। দুই ঘণ্টা পর সতর্কতা তুলে নেওয়া হলে তারা ফিরে আসেন।

মঙ্গলবার শহরটিতে মাত্র এক ঘণ্টায় ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই পরিস্থিতির কারণে পৌর কর্তৃপক্ষ শহরের বিভিন্ন এলাকায় জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দেয়। এশিয়ান গেমসের জন্য কোনো নির্দিষ্ট ভিলেজ না থাকায় আয়োজকরা হোটেল, ক্রুজ শিপ এবং অস্থায়ী কাঠের কন্টেইনার ব্যবহার করছেন। উদ্ধার হওয়া ক্রীড়াবিদরা এই কন্টেইনার ইউনিটগুলোতেই থাকছিলেন।

বৃষ্টির কারণে গেমসের বেশ কিছু ভেন্যুর ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ার খবর পাওয়া গেছে। তবে নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়ার দাবি, এতে স্থাপনাগুলোর বড় কোনো ক্ষতি হয়নি। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, গেমস আয়োজনে কোনো বাধা নেই এবং পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই সব ইভেন্ট শুরু হবে।

আগামী ১৯ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার থেকে বাস্কেটবলসহ কিছু ইভেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। প্রবল বৃষ্টির কারণে নাগোয়ার বাস ও সাবওয়ে পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং জাপানের আবহাওয়া সংস্থা একটি প্রধান নদীর জন্য সর্বোচ্চ বন্যার সতর্কতা জারি করে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই দুর্যোগে প্রায় ৩,৫০০ মানুষ জরুরি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *