মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটিতে ন্যূনতম মাসিক মজুরি তিন হাজার ১০০ রিঙ্গিতে উন্নীত করার দাবি জানিয়েছে মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (এমটিইউসি)। সংগঠনটির মহাসচিব কামারুল বাহারিন মনসুর জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আবাসন, খাদ্য ও পরিবহন খরচ বাড়ায় কর্মীদের জন্য এই নতুন মজুরি কাঠামো যৌক্তিক।
এমটিইউসির মতে, এই মজুরি কাঠামো শুধু নিম্ন আয়ের কর্মীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে মধ্যম আয়ের কর্মীদের ক্ষেত্রেও কার্যকর করা উচিত। এতে কর্মীদের শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সুসংগঠিত বেতন কাঠামো তৈরি হবে, যা দক্ষ কর্মী ধরে রাখতে এবং উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে।
জাতীয় মজুরি পরামর্শ আইন অনুযায়ী প্রতি দুই বছর অন্তর ন্যূনতম মজুরি পুনর্বিবেচনা করা বাধ্যতামূলক। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ মজুরি বৃদ্ধির পর নতুন হার ২০২৭ সালের ফেব্রুয়ারিতে কার্যকর হওয়ার কথা। এমটিইউসি মহাসচিবের মতে, হাতে সময় কম থাকায় দ্রুত নতুন এই মজুরি ঘোষণা করা প্রয়োজন।
কামারুল বাহারিন উল্লেখ করেন, এখনো অনেক কর্মী ১০ বছর চাকরির পরও মাসে মাত্র এক হাজার ৭০০ রিঙ্গিত বেতন পাচ্ছেন। এই বৈষম্য দূর করতে একটি কার্যকর ও ধাপে ধাপে বেতন বৃদ্ধির কাঠামো থাকা জরুরি।
এর আগে গত মঙ্গলবার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আর রামানান জানান, বর্তমান এক হাজার ৭০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি বহাল রাখা হবে নাকি বাড়ানো হবে, তা নিয়ে সরকার পর্যালোচনা করছে। নতুন মজুরি নির্ধারণে সরকারের সঙ্গে আলোচনার জন্য এমটিইউসি প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন সংগঠনটির মহাসচিব।









