সুইডেনের ফাগেরস্তা শহরে অবস্থিত ব্রিনেল উচ্চ বিদ্যালয়ে তলোয়ার হামলায় ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রীষ্মের ছুটি শেষে শিক্ষার্থীরা ক্লাসে ফেরার কয়েক দিনের মধ্যেই শুক্রবার এই হামলার ঘটনাটি ঘটে, যা পুরো অঞ্চলে শোকের ছায়া ফেলেছে।
হামলার ঘটনায় ১২ ও ১৭ বছর বয়সী আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছে। এছাড়াও আরও একজন সামান্য আহত হয়েছেন। এই ঘটনার পরপরই ১৮ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। বর্তমানে পুলিশ ঘটনাটিকে হত্যা ও হত্যার চেষ্টা হিসেবে তদন্ত করছে।
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এবং বিরোধী দলীয় নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে শিক্ষার্থীরা নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলার খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তারা গুলি চালায়। তবে আটককৃত ব্যক্তি সেই গুলিতে আহত হয়েছিলেন কি না, তা স্পষ্ট করা হয়নি। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এসভিটি জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি হামলার সময় হেলমেট পরিহিত ছিলেন এবং তিনি ওই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র বলে স্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
স্টকহোম থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই বিদ্যালয়টিতে প্রায় ৫০০ শিক্ষার্থী রয়েছে। ঘটনার পর শুক্রবার পুরো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, যা শনিবার নাগাদ প্রত্যাহার করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ সন্দেহভাজন ব্যক্তির সাথে সম্পৃক্ত দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে।
প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া সুইডেনের রাজা কার্ল ১৬তম গুস্তাফ এই ঘটনায় দুঃখ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।









