স্পেনের বার্সেলোনায় বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল দাবি করেছেন যে, চলতি বছর ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার তিনিই। স্প্যানিশ স্ট্রিমিং প্ল্যাটফর্ম মুভিস্টারের সাথে এক সাক্ষাৎকারে ইয়ামাল জানান, লা লিগায় বার্সেলোনার শিরোপা জয় এবং স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে এই পুরস্কারের দৌড়ে এগিয়ে রেখেছে।
ইয়ামালের মতে, বর্তমান ফুটবল বিশ্বে তিনিই সেরা এবং তার মূল প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে। তিনি বলেন, আমার মতে আমরা দুইজনই বিশ্বের সেরা। যারা নিয়মিত ফুটবল দেখেন, তারা বিষয়টি পরিষ্কার বুঝতে পারেন। বিশ্বকাপের সেমিফাইনালে ইয়ামালের স্পেনের কাছে এমবাপ্পের ফ্রান্স পরাজিত হয়েছিল।
গত মৌসুমে বার্সেলোনার শিরোপা ধরে রাখা এবং স্পেনের হয়ে বিশ্বকাপ জয় ইয়ামালকে এই পুরস্কারের বড় দাবিদার করে তুলেছে। অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পে গত মৌসুমে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হলেও কোনো ট্রফি জিততে পারেননি। গত সপ্তাহে এমবাপ্পে দাবি করেছিলেন, গত মৌসুমে তার চেয়ে ভালো আর কোনো খেলোয়াড় নেই।
আগামী ২৬ অক্টোবর লন্ডনে ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এই পুরস্কারের সম্ভাব্য তালিকার অন্য খেলোয়াড়দের মধ্যে বায়ার্ন মিউনিখের হ্যারি কেনও রয়েছেন। গত বছর ব্যালন ডি’অর পুরস্কারে ইয়ামাল রানার-আপ হয়েছিলেন এবং এমবাপ্পে ছিলেন তৃতীয় স্থানে।









