বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে উপজেলাটিকে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কুলকুরমাই খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়েছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। শুক্রবার সকালে রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর ৭ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সঙ্গে যৌথভাবে আয়োজিত এই কর্মসূচিতে সরাসরি কোদাল হাতে ময়লা ও কচুরিপানা পরিষ্কার করেন তিনি।
সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, রাঙ্গুনিয়াকে পর্যটনবান্ধব করে গড়ে তুলতে পরিচ্ছন্ন পরিবেশের বিকল্প নেই। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
কুলকুরমাই খালটি রোয়াজারহাট বাজার ও কুলকুরমাই গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গুমাই বিল ও ইছামতী নদীর সঙ্গে যুক্ত হয়েছে। স্থানীয় কৃষি ও পানি নিষ্কাশনে খালটির গুরুত্ব অপরিসীম। স্থানীয় কৃষকদের দেওয়া তথ্যমতে, এই খালের পানির ওপর নির্ভর করে মুরাদনগরসহ আশপাশের অন্তত ৩০০ একর জমিতে চাষাবাদ করা হয়।
দীর্ঘদিন ধরে খালে ময়লা, প্লাস্টিক ও কচুরিপানা জমে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। এতে খালের পানি স্থির হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং পরিবেশ দূষিত হচ্ছিল, যা কৃষিকাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া স্থানীয় কৃষক রফিক উদ্দিন বলেন, খালের দখল ও দূষণ রোধ করা গেলে কৃষকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। এছাড়া স্থানীয় বাসিন্দাদের দাবি, খালটি কেবল একদিন পরিষ্কার করলেই হবে না, এর পানিপ্রবাহ সচল রাখতে নিয়মিত বর্জ্য অপসারণ ও দখলমুক্ত রাখা প্রয়োজন। খালে ময়লা ফেলা বন্ধ করতে স্থায়ী কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।









