Home / আন্তর্জাতিক / ইউক্রেন ও রাশিয়া সফরে ট্রাম্পের শান্তি দূত, লক্ষ্য যুদ্ধবিরতি

ইউক্রেন ও রাশিয়া সফরে ট্রাম্পের শান্তি দূত, লক্ষ্য যুদ্ধবিরতি

রাশিয়ার মস্কো ও ইউক্রেনের কিয়েভে চলতি সপ্তাহান্তে সফর করছেন যুক্তরাষ্ট্রের শান্তি দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিনিধিরা উভয় দেশের প্রেসিডেন্টের সাথে আলাদাভাবে বৈঠক করবেন বলে জানিয়েছেন। এই সফরটিকে যুদ্ধ অবসানের চলমান প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, প্রতিনিধি দলটি শনিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর রবিবার কিয়েভে তার সাথে বৈঠক করবে। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, প্রতিনিধিরা যুদ্ধের অবসান ঘটাতে একটি নির্দিষ্ট প্রস্তাব নিয়ে যাচ্ছেন। তবে উভয় পক্ষের দাবির মধ্যে এখনও বড় ধরনের দূরত্ব রয়েছে।

সফরের প্রাক্কালে কিয়েভে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার একটি ড্রোন ইউক্রেনের নিরাপত্তা প্রধান ওলেক্সান্দ্র পোকলাদের দপ্তরে আঘাত হেনেছে, তবে তিনি অক্ষত রয়েছেন। এছাড়া শনিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কামিয়ানস্ক শহরে রুশ হামলায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে।

পুতিন বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে জানিয়েছেন, শান্তি চুক্তির সুযোগ রয়েছে তবে মস্কো ও কিয়েভকে নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে হবে। যদিও পুতিন ইউক্রেনের কাছ থেকে অধিকতর ভূখণ্ড দাবি করার মতো কঠোর অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি। কিয়েভ এবং তাদের ইউরোপীয় মিত্ররা বরাবরই এই শর্ত প্রত্যাখ্যান করে আসছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, আলোচনা অনুষ্ঠিত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণমাত্রায় ইউক্রেন আক্রমণ শুরু করার পর থেকে এখন পর্যন্ত দেশটি ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *