বাংলাদেশের রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন সহজ ও সুশৃঙ্খল করতে ‘বিআরইউআর ক্যাম্পাস’ নামে একটি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী মুহা. আন নাহিয়ান প্রিন্স ও সিথী রাণী রায় এই অ্যাপটি তৈরি করেছেন, যা বর্তমানে গুগল প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যাচ্ছে।
অ্যাপটিতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা যেমন কভার পেজ জেনারেটর, অফলাইন সিভি মেকার, স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, একাডেমিক ক্যালেন্ডার, ব্লাড ব্যাংক এবং জরুরি যোগাযোগের নম্বর যুক্ত করা হয়েছে। এছাড়া সিজিপিএ ক্যালকুলেটর, সেশনজট ক্যালকুলেটর, ব্যক্তিগত খরচের হিসাব রাখার সুবিধা এবং ক্যাম্পাসের ওয়াই-ফাই কিউআর কোডসহ ২০টির বেশি ফিচার রয়েছে এতে।
শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও সহায়তা বাড়াতে অ্যাপটিতে বই বিনিময়, হারানো ও পাওয়ার তথ্য এবং বিভিন্ন জরুরি সেবা পাওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি রংপুরের বিভিন্ন স্থানের গাইড এবং ক্যাম্পাস গ্যালারির সুবিধাও যুক্ত করা হয়েছে।
প্রকল্পটি নিয়ে নির্মাতা আন নাহিয়ান প্রিন্স জানান, প্রথম বর্ষে পড়ার সময় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি থেকে শুরু করে প্রয়োজনীয় তথ্য পাওয়ার ভোগান্তি দেখে তিনি এটি তৈরির পরিকল্পনা করেন। নতুন শিক্ষার্থীদের ক্যাম্পাসের সেবাগুলো সম্পর্কে ধারণা দিতে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য একই প্ল্যাটফর্মে আনার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।









