যশোরের শার্শা উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক বিধবা চা দোকানির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় চার যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী নিজেই শার্শা থানায় চারজনকে বিবাদী করে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন কায়বা ইউনিয়নের মাসুদ রানা, আনোয়ার হোসেন, কামরুল ইসলাম ও মিলন হোসেন। ভুক্তভোগী নারী দীর্ঘদিন ধরে বাজারে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে সাড়া না দেওয়ায় গত ২৬ আগস্ট রাত ৩টার দিকে তারা ভুক্তভোগীর বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দেন। এ সময় অভিযুক্তরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেন।
ভুক্তভোগী নারী আরও জানান, অভিযুক্তদের মধ্যে মিলন হোসেন এর আগেও ভয়ভীতি দেখিয়ে তার এক আত্মীয়ের কাছ থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় অভিযুক্তরা যে কোনো সময় তার ওপর হামলা চালাতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অভিযোগটি পাওয়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









