Home / আন্তর্জাতিক / সংস্কার কাজে বাধা দিলে কেনেডি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্প প্রশাসনের

সংস্কার কাজে বাধা দিলে কেনেডি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কেনেডি সেন্টারের পরিকল্পিত সংস্কার কাজে আদালতের নিষেধাজ্ঞা এলে ভবনটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। আদালতের নথিপত্রের বরাতে এ তথ্য জানা গেছে। কেনেডি সেন্টারের সংস্কার কাজ সম্পন্ন করতে না পারলে তা অনিরাপদ ও জরাজীর্ণ কাঠামোয় পরিণত হবে এবং তখন এটি ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে সরকারের আইনজীবীরা যুক্তি দিয়েছেন।

বিচার বিভাগ আরও দাবি করেছে, কেনেডি সেন্টারের ভবন থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সরিয়ে ফেলায় দাতা এবং আর্থিক অনুদান পাওয়া ব্যাহত হচ্ছে। আদালতের নির্দেশে গত জুন মাসে ভবনটি থেকে ট্রাম্পের নাম সরিয়ে নেওয়া হয়েছিল। ট্রাম্পের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, ভবনটি পুনরায় সংস্কার না করলে তা জাতীয় রাজধানীর জন্য লজ্জাজনক একটি কাঠামোয় পরিণত হবে।

আইনজীবী ব্র্যান্টলি মেয়ার্স জানিয়েছেন, বর্তমান কাঠামো ভেঙে ফেলার পর সেখানে নতুন করে কী নির্মাণ করা হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেখানে পোতোমাক নদীর দিকে মুখ করা একটি বিশাল আউটডোর অ্যাম্ফিথিয়েটার তৈরির বিকল্প রাখা হয়েছে।

এর আগে মে মাসের শেষের দিকে একজন মার্কিন বিচারক রায় দিয়েছিলেন যে, কংগ্রেসের অনুমোদন ছাড়া কেনেডি সেন্টারের নাম পরিবর্তন বা এতে ট্রাম্পের নাম যুক্ত করা আইনসম্মত নয়। সেই আদেশের ভিত্তিতেই জুন মাসে ট্রাম্পের নাম সরিয়ে ফেলা হয়। তবে ট্রাম্প প্রশাসন এখন সেই নাম ফিরিয়ে আনার পাশাপাশি সংস্কার কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *