রাশিয়ার মস্কোর ভনুকোভো বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের একটি সি-১৭ সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। লাটভিয়ার রিগা থেকে আসা এই বিমানটি অবতরণের পর রাশিয়ার সরকার জানিয়েছে, তাদের কাছে এই বিমান বা এর আগমন সম্পর্কে কোনো তথ্য নেই। ঘটনাটি বিরল ও রহস্যজনক হিসেবে দেখা হচ্ছে।
বিমানটি অবতরণের পরপরই বিমানবন্দরের রানওয়ে এলাকায় যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক গাড়িবহর দেখা যায়। পরে পুলিশি প্রহরায় সেই গাড়িবহরটিকে বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে নিতে দেখা গেছে।
বর্তমানে বিমানটি কেন মস্কোয় এসেছে বা এর আরোহী কারা ছিলেন, সে বিষয়ে কোনো পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। রাশিয়ার নিরাপত্তা ও সরকারি মহলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।










