Home / আন্তর্জাতিক / পশ্চিম আফ্রিকার সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে ইন্টারপোলের বিশ্বব্যাপী অভিযান: গ্রেপ্তার ৫৮

পশ্চিম আফ্রিকার সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে ইন্টারপোলের বিশ্বব্যাপী অভিযান: গ্রেপ্তার ৫৮

বিশ্বের ২২টি দেশ ও ছয়টি মহাদেশ জুড়ে চালানো এক বিশাল অভিযানে পশ্চিম আফ্রিকার সাইবার অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত ৫৮ জনকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। ইন্টারপোলের ফিন্যান্সিয়াল ক্রাইম সেন্টারের পরিচালক তোমোনোবু কায়া জানিয়েছেন, ‘অপারেশন জ্যাকল ফোর’ নামের এই অভিযানের মাধ্যমে রোমান্স ও বিনিয়োগ সংক্রান্ত স্ক্যামের সাথে জড়িত অপরাধীদের টার্গেট করা হয়েছে। সাইবার-ভিত্তিক আর্থিক জালিয়াতির বিরুদ্ধে বৈশ্বিক হুমকি মোকাবিলা এবং অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ২৬৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এই অপরাধী চক্রগুলো মূলত ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি, ইমেইল হ্যাকিং এবং মানিলন্ডারিংয়ের মতো কর্মকাণ্ডের সাথে যুক্ত। বিশেষ করে ইংরেজি ভাষী দেশগুলোর বয়স্ক ব্যক্তিদের এই চক্রগুলো লক্ষ্যবস্তু করত। এছাড়া ১৪ বছরের কম বয়সী শিশুদের সেক্সটরশনের মাধ্যমে ব্ল্যাকমেইল করার মতো ভয়ংকর প্রবণতাও এই অপরাধীদের মধ্যে দেখা গেছে।

অভিযানের একটি বড় অংশ সম্পন্ন হয়েছে দক্ষিণ আফ্রিকায়। দেশটির জোহানেসবার্গে স্থানীয় পুলিশের সহায়তায় সাতটি স্থানে অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ দশমিক ৬৭ মিলিয়ন ডলার জব্দ এবং ২৫৭টি ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এছাড়া আর্জেন্টিনা, ইতালি এবং রোমানিয়াতেও গ্রেপ্তার প্রক্রিয়া চলেছে।

ইন্টারপোল জানিয়েছে, পশ্চিম আফ্রিকার কুখ্যাত ‘নাইজেরিয়ান ব্ল্যাক এক্স’ গ্রুপের মতো বড় অপরাধী নেটওয়ার্কগুলো এই জালিয়াতির সাথে সরাসরি যুক্ত। এই সংগঠনটি পাচার, পতিতাবৃত্তি এবং হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের সাথেও জড়িত। এর আগেও ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে ‘জ্যাকল’ সিরিজের অভিযানে শত শত অপরাধীকে আইনের আওতায় এনেছে ইন্টারপোল।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *