Home / আন্তর্জাতিক / ঘোষণা ছাড়াই মস্কো সফরে সিআইএ প্রধান

ঘোষণা ছাড়াই মস্কো সফরে সিআইএ প্রধান

রাশিয়ার মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক সফরে গেছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএস জানিয়েছে। মঙ্গলবার সামরিক বিমানে চড়ে তিনি রুশ রাজধানীতে পৌঁছান। তবে ওয়াশিংটন বা মস্কো—কোনো পক্ষই এই সফরের উদ্দেশ্য বা তিনি কার সাথে বৈঠক করেছেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। উচ্চপদস্থ মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে সরাসরি এমন বৈঠক বিরল হওয়ায় বিষয়টি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, মঙ্গলবার একটি বিশাল মার্কিন সামরিক বিমান লাটভিয়া হয়ে রাশিয়ায় পৌঁছায়। ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে, বিমানটি মস্কোর ভুনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং বিকেলে পুনরায় লাটভিয়ার রিগা বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে বিমানবন্দরের দিকে সি-১৭ পরিবহন বিমানটিকে অবতরণের প্রস্তুতি নিতে দেখা গেছে। এছাড়া মস্কোর রাস্তায় একটি কূটনৈতিক গাড়িবহর চলাচলের চিত্রও নজরে এসেছে।

সফরটি সম্পর্কে ইউক্রেনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রতিনিধি দলটি মস্কো সফরের আগেই যুক্তরাষ্ট্র কিয়েভকে বিষয়টি অবহিত করেছিল। একই সঙ্গে প্রতিনিধি দলটির ফিরে আসা পর্যন্ত ইউক্রেনকে হামলার কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছিল। সিআইএ প্রধান হিসেবে এটি জন র‍্যাটক্লিফের প্রথম রাশিয়া সফর বলে ধারণা করা হচ্ছে।

সফরের সম্ভাব্য কারণ

সাবেক ব্রিটিশ সামরিক অ্যাটাশে জন ফোরম্যানের মতে, এই সফরটি মূলত উত্তেজনা প্রশমন বা ‘এসকেলেশন ম্যানেজমেন্ট’-এর অংশ হতে পারে। সম্প্রতি জার্মানিতে ড্রোন তৎপরতার পেছনে রাশিয়ার হাত থাকতে পারে বলে যে গুঞ্জন রয়েছে, তার সাথে এই সফরের যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া রাশিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্তি নিয়েও আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে জন র‍্যাটক্লিফ ও সিআইএ রাশিয়ার সাথে বন্দী বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

প্রেক্ষাপট

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকেই দেশ দুটির সম্পর্কের চরম অবনতি ঘটে। আন্তর্জাতিক পর্যায়ে রাশিয়া প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের মধ্যে র‍্যাটক্লিফের এই মস্কো সফরকে বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *