Home / আন্তর্জাতিক / ভেনেজুয়েলার মোট তেলের অর্ধেকের ক্রেতা এখন যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার মোট তেলের অর্ধেকের ক্রেতা এখন যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হিউস্টনে এক শিল্প সম্মেলনে ভেনেজুয়েলার তেল রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দেশটির জ্বালানি বিষয়ক আন্ডার সেক্রেটারি কাইল হাস্টভেইট। তিনি জানান, ভেনেজুয়েলা বর্তমানে প্রতিদিন ১২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল উৎপাদন করছে, যার মধ্যে ৫ লাখ ব্যারেলেরও বেশি তেল প্রতিদিন যুক্তরাষ্ট্রের গালফ কোস্টের রিফাইনারিগুলোতে পাঠানো হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার সাত মাসের মাথায় জ্বালানি খাতে এই পরিবর্তনের বিষয়টি আন্তর্জাতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ।

কেন গুরুত্বপূর্ণ
ভেনেজুয়েলার তেল মূলত ভারী এবং সালফারযুক্ত, যা প্রক্রিয়াজাত করার জন্য যুক্তরাষ্ট্রের গালফ কোস্টের রিফাইনারিগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই দ্বিপাক্ষিক জ্বালানি অংশীদারিত্ব উভয় দেশের জন্যই অর্থনৈতিক সুবিধা বয়ে আনছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ভেনেজুয়েলা বর্তমানে প্রতিদিন ১ লাখ ব্যারেলের বেশি ন্যাপথা আমদানি করছে, যা তাদের অপরিশোধিত তেল উত্তোলনের সক্ষমতা বৃদ্ধিতে ব্যবহৃত হচ্ছে।

উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা
ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ-এর ভাইস প্রেসিডেন্ট জোভানি মার্তিনেজ জানিয়েছেন, আগস্ট মাসের শেষ নাগাদ তাদের দৈনিক তেল উৎপাদনের পরিমাণ ১২ লাখ ৪৫ হাজার ব্যারেলে পৌঁছাবে। চলতি বছরে তাদের জ্বালানি উৎপাদন ১২ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভেনিজুয়েলা এখন তাদের রিফাইনারিগুলোর আধুনিকায়ন ও সম্প্রসারণের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে।

আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
ভেনিজুয়েলার তেল বিক্রির অর্থ কার নিয়ন্ত্রণে থাকছে এবং তা কীভাবে ব্যয় হচ্ছে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের মতো থিংক ট্যাংকগুলো জানিয়েছে, এ বিষয়ে মার্কিন প্রশাসন কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করছে না। যদিও ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরে ভেনিজুয়েলার তেল বিক্রি থেকে যুক্তরাষ্ট্র ১৩ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে, যার একটি অংশ ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারকে বরাদ্দের কথা জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তবে এই তহবিলের সঠিক হিসাব ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ রয়েই গেছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *