Home / আন্তর্জাতিক / লাইসেন্স নবায়ন নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ডিজনি ও এবিসির মামলা

লাইসেন্স নবায়ন নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ডিজনি ও এবিসির মামলা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) আগাম লাইসেন্স নবায়নের নির্দেশের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে ডিজনি এবং এবিসি। মামলাটিতে ডিজনি ও তাদের মালিকানাধীন আটটি টিভি স্টেশন বাদী হয়েছে। তাদের অভিযোগ, নেটওয়ার্কটির সম্পাদকীয় নীতির কারণে ট্রাম্প প্রশাসনের চাপে উদ্দেশ্যমূলকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সরকারি সেন্সরশিপের বহিঃপ্রকাশ।

মামলার নথিতে বলা হয়েছে, এফসিসি বিগত ৫০ বছরের ইতিহাসে কখনও এ ধরনের আগাম লাইসেন্স নবায়নের প্রক্রিয়া শুরু করেনি। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময় দেওয়া সোশ্যাল মিডিয়া পোস্টের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এবিসির নেতিবাচক সংবাদ প্রচারের প্রতিশোধ নিতেই এই প্রক্রিয়া চালানো হচ্ছে। এবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য ভিউ’ এবং উপস্থাপক জিমি কিমেল মেলানিয়া ট্রাম্পকে নিয়ে কৌতুক করার একদিন পরেই এফসিসি এই নোটিশ দেয়।

এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, কোনো প্রতিশোধমূলক মনোভাব নয়, বরং জনস্বার্থ বিবেচনায় এই লাইসেন্স নবায়নের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এফসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ডিজনিসহ সব সম্প্রচারকারী প্রতিষ্ঠানেরই আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। সংস্থাটি ডিজনির বিরুদ্ধে বৈষম্যমূলক ডিইআই (ডাইভার্সিটি, ইক্যুইটি অ্যান্ড ইনক্লুশন) সংক্রান্ত অভিযোগের তদন্তও চালিয়ে যাচ্ছে।

আইনি নথিতে আরও উল্লেখ করা হয়েছে, এফসিসি এবিসিকে আবেদন জমা দেওয়ার জন্য মাত্র ৩০ দিনের সময় দিয়েছে, যা সাধারণত প্রস্তুত করতে কয়েক মাস সময় লাগে। এর আগে এবিসির অনুষ্ঠান নিয়ে চাপের মুখে গত বছর ব্রেন্ডন কারের হুমকির জেরে জিমি কিমেলকে সাময়িকভাবে সম্প্রচার থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে জনরোষের মুখে তাকে দ্রুত ফিরিয়ে আনতে বাধ্য হয় ডিজনি। বর্তমান পরিস্থিতিতে ডিজনি ও এবিসি আদালতের কাছে এই নির্দেশের ওপর অস্থায়ী স্থগিতাদেশ এবং দ্রুত শুনানির আবেদন জানিয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *