Home / আন্তর্জাতিক / দখলকৃত পশ্চিম তীরের গ্রামে ফিলিস্তিনিদের ঘর ছাড়ার নির্দেশ

দখলকৃত পশ্চিম তীরের গ্রামে ফিলিস্তিনিদের ঘর ছাড়ার নির্দেশ

ফিলিস্তিনের পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর এক অভিযানের সময় প্রায় এক ডজন ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়িঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত রবিবার থেকে বসতি স্থাপনকারীরা গ্রামটির তিনটি বাড়িতে বাসিন্দাদের অবরুদ্ধ করে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছিল। কুসরা গ্রামের মেয়র আবদেল আজিম ওয়াদি জানান, গ্রামটিকে সামরিক এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ইসরায়েলি বাহিনী অনেকগুলো খালি বাড়ি ব্যারাক হিসেবে ব্যবহার করছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বাসিন্দাদের সুরক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে দুই ডজন সৈন্য তাদের ঘরে ঢুকে দরজা ভেঙে বের করে দেয়। কাদির ওদেহ নামে এক বাসিন্দা জানান, তার ঘরে প্রায় ২০ থেকে ৩০ জন সৈন্য প্রবেশ করেছিল। পরে অনেক পরিবার বাড়ি ফিরতে পারলেও তারা ঘর লন্ডভন্ড অবস্থায় পেয়েছেন। এক ব্যক্তি অভিযোগ করেন, সৈন্যরা ফ্রিজের খাবার ফেলে দিয়েছে এবং তার বাসা থেকে ১৫০০ ডলার চুরি করেছে।

ইসরায়েলি মুখপাত্র ডেভিড মেন্সার বসতি স্থাপনকারীদের এই আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী সব বসতিই অবৈধ। বর্তমান ইসরায়েলি সরকারের আমলে বসতি সম্প্রসারণের ফলে বসতি স্থাপনকারীদের সহিংসতা অনেক বেড়েছে, যার মূল লক্ষ্য ফিলিস্তিনিদের তাদের জমি থেকে উচ্ছেদ করা।

এর আগে ফিলিস্তিনিদের বাড়ির সামনে বসতি স্থাপনকারীদের অবরোধের প্রতিবাদে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই ঘটনার নিন্দা জানিয়ে এটিকে ‘ভয়ংকর সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যমতে, ২০২৬ সালে এখন পর্যন্ত প্রায় ৩,৮০০ ফিলিস্তিনি বসতি স্থাপনকারীদের সহিংসতা ও উচ্ছেদের কারণে বাস্তুচ্যুত হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *