Home / আন্তর্জাতিক / ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকায় অগ্নিকাণ্ড: ১৭৩ জনকে উদ্ধার

ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকায় অগ্নিকাণ্ড: ১৭৩ জনকে উদ্ধার

ফ্রান্সের বোলোন-সুর-মের উপকূলে ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী একটি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ১৭৩ জনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সীমান্ত নিরাপত্তা মন্ত্রী আনা টারলি এই ঘটনাকে অবৈধ অভিবাসনের ঝুঁকি এবং এর পেছনে থাকা পাচারকারী চক্রের নিষ্ঠুরতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।

ফরাসি মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটি ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার পথে ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। শুরুতে ১৫৭ জনকে উদ্ধারের কথা জানানো হলেও পরবর্তীতে সেই সংখ্যা সংশোধন করে ১৭৩ জন বলে নিশ্চিত করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় ফরাসি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং মিশরের এক নাগরিককে হেফাজতে নিয়েছে।

ফ্রান্সের মেরিটাইম প্রিফেকচার জানিয়েছে, নৌকাটি সোমবার রাতে ফ্রান্স ত্যাগ করেছিল। যাত্রার শুরুর দিকে পাঁচজন সাহায্যের অনুরোধ করলেও বাকিরা তখন সহায়তা নিতে অস্বীকার করেছিলেন। তবে ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি বিপর্যয়ের মুখে পড়লে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্ধারকারী দল যৌথভাবে তাদের উদ্ধার করে।

উদ্ধার অভিযানে ৪০ জন অগ্নিনির্বাপক কর্মী, ১৩ জন পুলিশ কর্মকর্তা এবং বেশ কয়েকজন মেডিকেল সদস্য অংশ নেন। ব্রিটিশ বর্ডার ফোর্সের জাহাজ ও আরএনএলআই ইস্টবোর্ন লাইফবোট উদ্ধারকাজে সহায়তা করেছে। কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের সরকার জানিয়েছে, এ ঘটনার পর উদ্ধার হওয়া অভিবাসীদের সবাইকে ফ্রান্সেই ফেরত পাঠানো হবে। অবৈধ অভিবাসন রোধে এবং পাচারকারী চক্রগুলোকে নির্মূল করতে ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে যুক্তরাজ্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সরকারি মুখপাত্র জানিয়েছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *