নেপালের উত্তর অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও মানবিক সহায়তার লক্ষ্যে ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) অনুদান দিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ অনুদানের ঘোষণা দেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী এ সময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর উদ্দেশে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন। অনুদানের এই অর্থ নেপাল সরকারের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।
বন্যা ও ভূমিধসে নেপালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। এছাড়া গত ১ সেপ্টেম্বর ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে শোকবইয়ে সই করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দুর্যোগের এই কঠিন সময়ে নেপালের ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রমকে শক্তিশালী করতেই বাংলাদেশ এই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান।









