সুদানের উত্তর করদোফান রাজ্যে তীব্র সংঘাতের কারণে হাজার হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গৃহহীন এসব মানুষের বড় একটি অংশ এল ওবেইদ শহরের আশ্রয়শিবিরগুলোতে ভিড় করছেন।
সংঘাত কবলিত এলাকা থেকে পালিয়ে আসা এসব পরিবারের সদস্যরা বর্তমানে চরম মানবিক সংকটের মুখে রয়েছেন। বিশেষ করে নারী ও শিশুদের জন্য পর্যাপ্ত খাবার ও নিরাপত্তার অভাব প্রকট হয়ে উঠেছে।
এল ওবেইদের আশ্রয়শিবিরগুলোতে আগে থেকেই কয়েক লাখ মানুষ অবস্থান করছেন। নতুন করে মানুষের চাপ বাড়ায় সেখানে খাদ্য ও মৌলিক সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। শিবিরের ভেতরে খাবারের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে অসহায় মানুষদের।










