Home / Uncategorized / দূষণ মোকাবিলায় দেশীয় গাছ লাগানোর আহ্বান ঢাবি উপাচার্যের

দূষণ মোকাবিলায় দেশীয় গাছ লাগানোর আহ্বান ঢাবি উপাচার্যের

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সংসদের উদ্যোগে আয়োজিত ‘বৃক্ষরোপণ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস অভিযান’ কর্মসূচিতে ঢাকা শহরের ক্রমবর্ধমান দূষণ মোকাবিলায় বেশি করে দেশীয় প্রজাতির গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন মল চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেছেন তিনি।

উপাচার্য বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ, সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাসে পরিণত করা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী এবং পরিবেশ সংসদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম আবু রাফি।

আলোচনা পর্ব শেষে মল চত্বরে একটি বৈলাম গাছ এবং উপাচার্যের বাসভবন চত্বরে একটি দেশীয় লটকন গাছের চারা রোপণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণের পাশাপাশি ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *