Home / আন্তর্জাতিক / তানজানিয়ার ফার্স্ট জেন্টলম্যান হাফিজ আমির হাসানের মৃত্যু

তানজানিয়ার ফার্স্ট জেন্টলম্যান হাফিজ আমির হাসানের মৃত্যু

তানজানিয়ার জাঞ্জিবারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশটির ফার্স্ট জেন্টলম্যান ও প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের স্বামী হাফিজ আমির হাসান। দেশটির ভাইস প্রেসিডেন্ট দেওগ্রাটিয়াস এনদেজেমবি এই তথ্য নিশ্চিত করে জানান, সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় এমিলিও মজেনা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। প্রেসিডেন্টের স্বামীর প্রয়াণ তানজানিয়ার রাষ্ট্রীয় পর্যায়ে শোকের ছায়া ফেলেছে।

সোমবার সন্ধ্যায় জাঞ্জিবার দ্বীপের কিজিমকাজি গ্রামে নিজেদের পারিবারিক বাসভবনে হাফিজ আমির হাসানকে দাফন করা হয়েছে।

প্রেসিডেন্টের স্বামীর পরিচয় ও জীবন
পেশায় কৃষিবিদ হাফিজ আমির হাসান লোকচক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করতেন। ২০২১ সালে প্রেসিডেন্ট সামিয়া ক্ষমতা গ্রহণের পর তিনি তানজানিয়ার প্রথম ‘ফার্স্ট জেন্টলম্যান’ হওয়ার গৌরব অর্জন করেন। তবে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে তাকে মাঝেমধ্যে দেখা যেত। ১৯৭৮ সালে সামিয়া সুলুহু হাসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতির ঘরে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের মেয়ে ওয়ানু হাফিজ আমির বর্তমানে জাঞ্জিবারের আইনসভায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক শোক
হাফিজ আমির হাসানের মৃত্যুতে শোক জানিয়েছেন আঞ্চলিক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গভীর শোক প্রকাশ করে বলেন, প্রেসিডেন্ট সামিয়া তার জীবনসঙ্গীকে হারালেন, আর তানজানিয়া হারাল একজন বিশিষ্ট সন্তানকে। এছাড়া জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা এবং বুরুন্ডির প্রেসিডেন্ট এভারিস্ট এনদাইশিমিয়ে গভীর সমবেদনা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা করেছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *