Home / খেলাধুলা / ফিফা সভাপতি ইনফান্তিনোকে পদত্যাগের আহ্বান মিশেল প্লাতিনির

ফিফা সভাপতি ইনফান্তিনোকে পদত্যাগের আহ্বান মিশেল প্লাতিনির

ফ্রান্সের ফুটবল কিংবদন্তি ও উয়েফার সাবেক প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি বলেছেন, ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফায় চলমান একের পর এক কেলেঙ্কারির কারণে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অবিলম্বে পদত্যাগ করা উচিত। রোববার এক ফরাসি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্লাতিনি বলেন, ইনফান্তিনো ফুটবলের নিয়ম রক্ষার দায়িত্বে থেকেও বারবার তা ভঙ্গ করেছেন।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত সদ্য সমাপ্ত বিশ্বকাপে বিভিন্ন বিতর্কিত ঘটনার জেরে ইনফান্তিনো তীব্র সমালোচনার মুখে পড়েছেন। প্লাতিনি অভিযোগ করেন, বিশ্বকাপে হাইড্রেলেশন ব্রেকের নামে মাঠের বিজ্ঞাপন প্রচার, ফাইনাল ম্যাচের বিরতির সময়সীমা ১৫ মিনিটের বেশি বাড়ানো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ফোলারিন বালোগুনের লাল কার্ডের শাস্তি মওকুফের বিষয়টি ফুটবলের নিয়মের পরিপন্থী। এসব ঘটনায় ইনফান্তিনো নিয়ম মানার বদলে নিজের ক্ষমতাকে প্রাধান্য দিয়েছেন বলে মনে করেন তিনি।

ফিফার বিভিন্ন ইভেন্টে ব্যক্তিগত বিনিয়োগ আনার পরিকল্পনার কারণে উয়েফাসহ বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থা ইনফান্তিনোর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। এমনকি উয়েফা তার বিরুদ্ধে অপরাধমূলক অব্যবস্থাপনার অভিযোগও এনেছে। যদিও এসব অভিযোগের বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইনফান্তিনো সম্পর্কে প্লাতিনি বলেন, তিনি বরাবরই অর্থ ও ক্ষমতার প্রতি আসক্ত। আগামী মার্চ মাসে আসন্ন নির্বাচনে ইনফান্তিনো আবারো প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। তবে প্লাতিনি মনে করেন, ফিফার অভ্যন্তরীণ সংকটের সমাধান ক্রীড়া সংস্থাগুলো করতে পারবে না; এর চূড়ান্ত ফয়সালা আদালতই করবে।

উল্লেখ্য, ২০১৫ সালে দুর্নীতির অভিযোগে প্লাতিনি নিজেই উয়েফার পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালে তিনি বেকসুর খালাস পান। প্লাতিনি বর্তমানে ইনফান্তিনো ও ফিফার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে তাকে পরিকল্পিতভাবে ক্ষমতার বাইরে রাখার অভিযোগে ফ্রান্সে মামলা করছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *