Home / আন্তর্জাতিক / উত্তর সাইপ্রাসে ফেরিডুবি: ৮ জনের মৃত্যু, নিখোঁজ ১৮

উত্তর সাইপ্রাসে ফেরিডুবি: ৮ জনের মৃত্যু, নিখোঁজ ১৮

উত্তর সাইপ্রাসের কাইরেনিয়া উপকূলের কাছে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তুর্কি প্রশাসনের প্রধান উনাল উস্তেল। রবিবার কাইরেনিয়া উপকূল থেকে যাত্রা শুরুর পর ফেরিটি পানিতে তলিয়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এই দুর্ঘটনা কেন এবং কীভাবে ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

উস্তেল জানান, ফেরিটিতে ২৫৯ জন যাত্রী এবং আটজন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের বেশিরভাগকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনা কবলিত ফেরিটির ক্যাপ্টেন ও ক্রু সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে তুর্কি কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধার অভিযান চলছে এবং ডুবে যাওয়া ফেরি থেকে ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে উস্তেল জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে আগের দিন যাত্রা বাতিল হয়েছিল। রবিবার যাত্রা শুরুর পর ফেরিটি দুটি শক্তিশালী ঢেউয়ের কবলে পড়ে। প্রথম ঢেউয়ের ধাক্কা সামলানোর আগেই দ্বিতীয় ঢেউয়ের আঘাতে নৌযানটিতে পানি ঢুকতে শুরু করে এবং শেষপর্যন্ত সেটি ডুবে যায়।

পরিবহন মন্ত্রী এরহান আরিকলি জানিয়েছেন, অন্তত ১০০ জন যাত্রীকে নিরাপদে তীরে আনা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিখোঁজদের উদ্ধারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মুস্তফা কোক নামে এক ব্যক্তি যিনি নিজের নৌকা নিয়ে প্রায় ৬৫ জনকে উদ্ধার করেছেন, তিনি জানান, সমুদ্র উত্তাল থাকায় যাত্রাটি ঝুঁকিপূর্ণ ছিল। এছাড়া ফেরিটির সম্মুখভাগে আগে থেকেই কিছু ক্ষয়ক্ষতি ছিল বলেও তিনি দাবি করেন। ফিল্ ডেনিজচিলিক কোম্পানির মালিকানাধীন এই ফেরিটি তুরস্কের পতাকাবাহী ছিল। বর্তমানে উদ্ধারকাজের জন্য কোস্টগার্ড ও হেলিকপ্টার মোতায়েন রাখা হয়েছে এবং নিহতদের পরিবারের জন্য একটি হটলাইন চালু করা হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *