Home / আন্তর্জাতিক / জোটের টানাপোড়েন: রাশিয়াকে ‘ব্ল্যাকমেইল’ করছে আর্মেনিয়া, অভিযোগ মস্কোর

জোটের টানাপোড়েন: রাশিয়াকে ‘ব্ল্যাকমেইল’ করছে আর্মেনিয়া, অভিযোগ মস্কোর

কিরগিজস্তানের চোলপন-আতায় আয়োজিত ইউরেশীয় আন্তঃসরকারি কাউন্সিলের বর্ধিত বৈঠকে আর্মেনিয়া ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও প্রেস বিভাগের উপপরিচালক আলেক্সেই ফাদেয়েভ অভিযোগ করেছেন, রাশিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে আর্মেনিয়া এখন চাপ প্রয়োগের বা ব্ল্যাকমেইলের পথ বেছে নিয়েছে।

এই অভিযোগের প্রেক্ষিতে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান শুক্রবার সম্মেলনে বক্তব্য প্রদান করেন। তিনি স্বীকার করেন যে, ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়ন (EAEU) ও ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্যপদ একসাথে পাওয়া সম্ভব নয়। পাশিনিয়ান বলেন, আর্মেনিয়ার বৈদেশিক ও অর্থনৈতিক নীতির মূল অগ্রাধিকার হলো ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের দেশগুলোর সাথে সহযোগিতা জোরদার করা।

ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ইইউতে যোগদানের প্রক্রিয়া শুরু করার আইন পাসের লক্ষ্য হলো একটি বিকল্প তৈরি করা, তবে এর অর্থ এই নয় যে দেশটি এখনই সদস্যপদ পাওয়ার সুযোগ তৈরি করেছে। বর্তমানে ইইউর সাথে আর্মেনিয়ার কোনো রাজনৈতিক বা আইনি বাধ্যবাধকতা নেই, যা ইউরেশীয় ইউনিয়নের সাথে সাংঘর্ষিক হতে পারে বলে তিনি দাবি করেন।

ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে পাশিনিয়ান বলেন, এই ইউনিয়নের মূল নীতিগুলো—যেমন পণ্য, পুঁজি ও শ্রমের অবাধ চলাচল—এখনো পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। বিভিন্ন প্রশাসনিক বিধিনিষেধ ও বাধার কারণে অভিন্ন বাজারের লক্ষ্য ব্যাহত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। একই সাথে তিনি সদস্যদেশগুলোর মধ্যে বৈষম্যহীন ও সমান ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *