Home / আন্তর্জাতিক / ফ্রান্সে দাবানলের তাণ্ডব: মাটির নিচে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০ অবিস্ফোরিত বোমা

ফ্রান্সে দাবানলের তাণ্ডব: মাটির নিচে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০ অবিস্ফোরিত বোমা

ফ্রান্সের লে পরজ গ্রামে দাবানলের ভয়াবহতায় মাটির নিচে পুঁতে রাখা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের প্রায় ৪০০টি অবিস্ফোরিত গোলা ও গোলাবারুদ বেরিয়ে এসেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। দাবানলের তীব্র তাপের কারণে গোলাগুলো বিস্ফোরিত হতে শুরু করলে স্থানীয় দমকল বাহিনীর কমান্ডার প্রাথমিক পর্যায়ে সেগুলোকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করেছিলেন।

স্থানীয় মেয়র মার্শাল জ্যানিনেটি জানান, দাবানলের দ্বিতীয় রাতে একশোর বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা অনেকটা যুদ্ধের পরিস্থিতির মতো ছিল। মেয়রের ভাষ্যমতে, পৌরসভার মাটির নিচে থাকা গোলাবারুদের গুদাম সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। উত্তপ্ত পরিস্থিতির কারণে গোলাগুলো চারদিকে ছড়িয়ে পড়ে এবং একটি গোলা একটি বাড়ির দেয়াল ভেদ করে চলে যায়।

দাবানলের কারণে এই এলাকায় ১৮০টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ডেমাইনিং বা অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়করণ অভিযানের পর অধিকাংশ বাসিন্দাকে ঘরে ফেরার অনুমতি দেওয়া হলেও কিছু এলাকা এখনো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে। উদ্ধারকৃত গোলাবারুদগুলোর মধ্যে জার্মান ও ফরাসি উভয় দেশের মর্টারের গোলা ও ট্যাঙ্ক-বিধ্বংসী শেল রয়েছে।

ফ্রান্সের জিরোন্দ এলাকায় প্রায় ১০ দিন ধরে চলা এই ভয়াবহ দাবানল এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকাটিতে ৪২ হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের ইতিহাসের অন্যতম বড় অগ্নিকাণ্ড। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন লে কর্নু অগ্নিনির্বাপক বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বাসিন্দাদের ধীরে ধীরে বাড়ি ফেরার কথা জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে দাবানলের প্রকোপ বেড়েছে, যার মধ্যে ফ্রান্স ও স্পেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *